মাতারবাড়ি প্রতিনিধি।। দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী এলাকায় সাম্প্রতিক সময়ে সড়কে ডাকাতির ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ দিয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। তিনি মহেশখালী থানা পুলিশকে সড়কগুলোতে টহল জোরদারসহ অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সংসদ সদস্য সংশ্লিষ্টদের স্পষ্টভাবে জানিয়েছেন, মাতারবাড়ী সড়ক, কালারমারছড়া সড়ক ও শাপলাপুর সড়কে কোনো ধরনের ডাকাতি, ছিনতাই বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এসব ঘটনায় কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে এবং দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
তিনি বলেন, মাতারবাড়ী এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হচ্ছে। এখানে কোল পাওয়ার প্রকল্পসহ একাধিক বৃহৎ উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নাধীন রয়েছে। ফলে প্রতিদিন এসব সড়ক দিয়ে বিপুল সংখ্যক শ্রমিক, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যানবাহন চলাচল করে। এমন প্রেক্ষাপটে সড়কে ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করছে।
সংসদ সদস্য পুলিশ প্রশাসনের উদ্দেশে বলেন, রাতের বেলায় নিয়মিত টহল আরও জোরদার করতে হবে। প্রয়োজনে তিনটি সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যদের অবস্থান নিয়ে দায়িত্ব পালন করতে হবে। এমনকি রাতের খাবারও সেখানে সেরে টহল অব্যাহত রাখতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই সুযোগ নিতে না পারে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা করা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মাতারবাড়ী সড়কে কয়েকটি ডাকাতির ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিষয়টি অবগত হওয়ার পরই সংসদ সদস্য সরাসরি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে সড়কগুলোতে টহল বৃদ্ধি এবং কঠোর নজরদারির নির্দেশনা দেন।
সংসদ সদস্যের এমন কঠোর অবস্থানের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এবং রাতের বেলায় সড়কগুলোতে মানুষের চলাচল আরও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।