ঈদুল আযহার আগেই প্রধান সড়ক সংস্কারের নির্দেশ
প্রেস বিজ্ঞপ্তি।। দ্বীপ জনপদ মহেশখালীর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং যাতায়াত ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে একগুচ্ছ নীতিনির্ধারণী নির্দেশনা ও কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। গতকাল রবিবার (১৭ মে) দিনভর তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় এবং জনভোগান্তি লাঘবে প্রধান সড়কের বেহাল দশা সরজমিন পরিদর্শন করেন। এসব কর্মসূচিতে তিনি শিক্ষকদের নৈতিকতা ও দায়িত্ববোধের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করার পাশাপাশি আসন্ন ঈদুল আযহার আগেই জনস্বার্থে প্রধান সড়ক সংস্কার করে যাতায়াত নির্বিঘ্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
সকালে মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলমগীর ফরিদ। ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় এমপি ফরিদ বলেন, একটি মেধাবী ও দক্ষ জাতি গঠনে প্রাথমিক শিক্ষার ভূমিকা অপরিসীম। আমাদের সন্তানদের ভিত্তি মজবুত করতে হলে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। নীতি, আদর্শ ও দায়িত্ববোধ শিক্ষকদের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। সরকারি শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, রাজনীতি করা সবার গণতান্ত্রিক অধিকার, কিন্তু একজন সরকারি শিক্ষক হিসেবে দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়া পেশাগত নীতিমালার পরিপন্থী। শিক্ষকের চেয়ারে বসে যারা রাজনীতি করবেন, বর্তমান সরকার তা কোনোভাবেই বরদাশত করবে না। আপনারা মহেশখালীকে বিশ্বের দরবারে একটি মেধাবী জনপদ হিসেবে তুলে ধরতে কাজ করুন। সভায় তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল, সাবেক ছাত্রদল নেতা ও পৌর যুবদল নেতা হারুন উদ্দিন রুবেল, বড় মহেশখালী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাসেম, কুতুবজোম ইউনিয়ন বিএনপি নেতা মাসুক উল্লাহ এবং সাংবাদিক ফারুক ইকবালসহ শিক্ষক নেতৃবৃন্দ। সভায় প্রধান শিক্ষকরা উপজেলার প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরলে সংসদ সদস্য পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।
শিক্ষা সংশ্লিষ্ট কর্মসূচি শেষে সংসদ সদস্য আলমগীর ফরিদ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে মহেশখালীর প্রধান সড়ক সরজমিন পরিদর্শন করেন। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট বড় বড় গর্ত এবং দু’পাশে চলাচলের সমস্যার কারণে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের বিষয়টি তিনি প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে তিনি সওজ কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দিয়ে বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহার আগেই সড়কের মেরামত কাজ সম্পন্ন করতে হবে। কোনোভাবেই যেন উৎসবের সময় মানুষের যাতায়াত বিঘ্নিত না হয় এবং সড়ক যেন নিরাপদ থাকে, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন।
এমপির এই সরজমিন পরিদর্শন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সাধারণ মানুষের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে। স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষা ও অবকাঠামো খাতের এই নিয়মিত তদারকি মহেশখালীকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তর করতে সহায়ক ভূমিকা রাখবে।
