প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির বিকল্প নেই: চট্টগ্রামে নৌবাহিনীর স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক◾
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শন করেছেন।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) তিনি বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ (IFF) সেন্টার, সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (CNRD) এবং চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (CDDL)-এর সামগ্রিক কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা আইএফএফ সেন্টারের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের সমুদ্রসীমায় সকল জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন। সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারিতে এই সেন্টারের ভূমিকার প্রশংসা করেন তিনি। এছাড়া নৌবাহিনীর গবেষণা ও উদ্ভাবনমুখী প্রতিষ্ঠান ‘সিএনআরডি’-তে চলমান জ্বালানি পরিশোধন প্রযুক্তি, ড্রোন উন্নয়ন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার নানামুখী গবেষণা ও উৎপাদন কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের অংশ হিসেবে ড. এ. কে. এম. শামছুল ইসলাম চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)-এর কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ বিভিন্ন বেসামরিক জাহাজের মেরামত, রক্ষণাবেক্ষণ ও নির্মাণ কাজে নিয়োজিত এই প্রতিষ্ঠানটির সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা। বর্তমান সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশের প্রতিরক্ষা শিল্পে সিডিডিএল-এর গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি প্রতিষ্ঠানটির পেশাগত ও কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

নৌবাহিনীর নিজস্ব স্থাপনা ছাড়াও তিনি চট্টগ্রামের বেসরকারি খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন লিমিটেড পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠান দুটির বিদ্যমান সক্ষমতা, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

সফর শেষে প্রতিরক্ষা উপদেষ্টা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সক্ষমতা, কাজের অগ্রগতি এবং দক্ষ জনশক্তির ভূয়সী প্রশংসা করেন। একই সাথে দেশের সামুদ্রিক নিরাপত্তা, জাহাজ নির্মাণ শিল্প এবং প্রতিরক্ষা খাতের টেকসই উন্নয়নে সকলকে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।