সুজাউদ্দিনের পক্ষে বিবৃতি: চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ককে কেন্দ্রের শোকজ

নিজস্ব প্রতিবেদক◾জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিনের বিরুদ্ধে ওঠা একটি অভিযোগের তদন্তাধীন বিষয়ে সরাসরি পক্ষাবলম্বন করে প্রেস রিলিজ দেওয়ায় চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি।

সংগঠনটির রূপায়ন ট্রেড সেন্টারস্থ কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয় থেকে দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নোটিশ প্রদানের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে, গত ১৮ই জুন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি বরাবর উত্থাপিত হয়। অভিযোগের তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে সেদিনই কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশনায় তিন সদস্য বিশিষ্ট একটি 'তদন্ত ও শৃঙ্খলা কমিটি' গঠন করা হয়। বিষয়টি বর্তমানে তদন্তাধীন থাকা অবস্থায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্যাডে ‘প্রেস-রিলিজ’-এর মাধ্যমে সরাসরি একপক্ষের সমর্থন করে বক্তব্য দেওয়া হয়।

কেন্দ্রীয় কমিটি এই ঘটনাকে দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী হিসেবে আখ্যায়িত করেছে। এমতাবস্থায় মীর মোহাম্মদ শোয়াইবের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দপ্তর মারফত লিখিত ব্যাখ্যা পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এই নোটিশের অনুলিপি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক, সদস্য সচিব এবং শৃঙ্খলা কমিটির প্রধানকেও পাঠানো হয়েছে। তদন্ত চলাকালীন স্থানীয় কমিটির এমন প্রেস রিলিজ ও পরবর্তীতে কেন্দ্রের এই কঠোর অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।