মহেশখালী।। মহেশখালী পৌরসভার প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোরকঘাটা বাজারে ফুটপাত অবৈধভাবে দখল করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
অভিযান চলাকালে দেখা যায়, বাজারের ফুটপাতগুলো অবৈধভাবে দখল করে রাখায় সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। এই অপরাধে অভিযুক্ত ৪ ব্যক্তিকে ৪টি পৃথক মামলায় মোট ৭,০০০ (সাত হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম জানান, জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং বাজার এলাকাকে যানজটমুক্ত রাখতে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
