বার্তা পরিবেশক◾কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে কোস্টগার্ডের একটি বহুল বিতর্কিত ও সাজানো মামলায় গ্রেপ্তার হওয়া তিন নিরীহ ব্যক্তি অবশেষে আদালত থেকে চূড়ান্তভাবে অব্যাহতি (খালাস) পেয়েছেন।
অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন- স্থানীয় কাইয়ুম উদ্দিন, তৌহিদুল ইসলাম ও ফারুক।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এবং বহু মামলায় অভিযুক্ত হয়ে এলাকাছাড়া ছিলেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু (বাচ্চু চেয়ারম্যান)। সম্প্রতি নিজ এলাকায় আধিপত্য বিস্তার ও পুনরায় ফিরে এসে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে তিনি কোস্টগার্ডকে ব্যবহার করে একটি পাতানো অভিযান পরিচালনা করান।
ওই দিন মাগরিবের সময় গ্রামের একটি দোকানে নাস্তা করা অবস্থায় কোনো কারণ ছাড়াই কাইয়ুম, তৌহিদ ও ফারুককে আটক করা হয়। পরবর্তীতে গভীর রাতে বাচ্চু চেয়ারম্যানের লোকজনের মাধ্যমে অবৈধ অস্ত্র জোগাড় করে সাজানো জব্দতালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযানের পর থেকেই এর উদ্দেশ্য ও ধরন নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ওই বিতর্কিত অভিযান ও বাচ্চু চেয়ারম্যানের ষড়যন্ত্র নিয়ে ব্যাপক আলোচনার ঝড় ওঠে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত করায় তাদের মামলা থেকে সসম্মানে অব্যাহতি দেন।
এদিকে নিরপরাধ ৩ ব্যক্তির খালাস পাওয়ার সংবাদ এলাকায় পৌঁছালে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। সংবাদটি জানাজানি হওয়ার পর ধলঘাটায় আনন্দ মিছিল বের করে এলাকাবাসী এবং একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করে প্রতিক্রিয়া প্রকাশ করেন। স্থানীয়রা অবিলম্বে বাচ্চু চেয়ারম্যানের অপকর্ম, রাজনৈতিক ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন।
