পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মহেশখালীতে ফারিয়ার মানববন্ধন


আবুহেনা আসিফ।। পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানিমুক্ত নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং 'দালাল' আখ্যা দিয়ে সম্মানহানির প্রতিবাদে কক্সবাজারের মহেশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।

আজ সোমবার (১১ মে) সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদের সামনে উপজেলা মেডিকেল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন মহেশখালীতে কর্মরত শতাধিক ফারিয়া সদস্য।

উপজেলা ফারিয়ার সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় সমাবেশে বক্তারা তাদের নানা বঞ্চনা ও হয়রানির কথা তুলে ধরেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে বর্তমানে প্রায় ৩ লাখ প্রশিক্ষিত ও শিক্ষিত যুবক ওষুধ কোম্পানিতে কর্মরত আছেন। উচ্চশিক্ষা (এমএ পাস) অর্জন করে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস পরিশ্রমের মাধ্যমে চিকিৎসাসেবা ও ওষুধ শিল্পের প্রসারে কাজ করছেন। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায়েও অনন্য ভূমিকা রাখছেন এই প্রতিনিধিরা। কিন্তু দুঃখজনকভাবে একটি অশুভ চক্র তাদের ‘দালাল’ আখ্যা দিয়ে সামাজিকভাবে সম্মানহানি করছে।

সমাবেশে অভিযোগ করা হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়শই ফার্মেসির মালিক ও সংশ্লিষ্টদের কাছ থেকে দুর্ব্যবহার এবং নানা হেনস্তার শিকার হতে হয় তাদের। দেশের অর্থনীতি ও স্বাস্থ্যখাতে বড় অবদান রাখার পরও তাদের ন্যূনতম পেশাগত মর্যাদা দেওয়া হচ্ছে না। অবিলম্বে এ ধরনের হয়রানি বন্ধ করে রিপ্রেজেন্টেটিভদের জন্য একটি সম্মানজনক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহেশখালীতে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার শফিউল আলম, সুভাষ রায়সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।