সরকারি প্রাক্কলন বা সিডিউল সম্পূর্ণ অমান্য করে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় টেকসই উন্নয়ন নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বড় মহেশখালীর এক ঠিকাদারের পক্ষে জনৈক বেলাল উদ্দিন নামের এক ব্যক্তি প্রকল্পস্থলে উপস্থিত থেকে সম্পূর্ণ নয়ছয় করে এই নিম্নমানের কাজ চালাচ্ছেন।
গাইডওয়াল নির্মাণে প্রয়োজনীয় ইট ও সিমেন্ট নামমাত্র ব্যবহার করে অতিরিক্ত বালির মিশ্রণ দিয়ে তড়িঘড়ি করে গাঁথুনি ও ঢালাইয়ের কাজ করা হচ্ছে। গ্রামীণ সড়কটির সুরক্ষায় এই গাইডওয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও কাজের এই বেহাল দশা দেখে ইতোমধ্যে স্থানীয় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং টেকসই নির্মাণ নিশ্চিত করার দাবিতে কাজ বন্ধ করে দিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে কাজের তদারককারী বেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি অনিয়মের বিষয়টি এড়িয়ে যান এবং সিডিউল মেনেই কাজ করা হচ্ছে বলে দাবি করেন।
এদিকে কাজের অনিয়ম নিয়ে মহেশখালী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জানান, মাইজপাড়া সড়কের গাইডওয়াল নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা সরকারি সিডিউল লঙ্ঘন বরদাশত করা হবে না। স্থানীয়দের অভিযোগের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। দ্রুতই প্রকল্প এলাকায় প্রকৌশল টিম পাঠিয়ে তদন্ত করা হবে এবং কাজের গুণগত মান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো বিল পরিশোধ করা হবে না। প্রয়োজনে নিম্নমানের কাজ ভেঙে আবার নতুন করে করার নির্দেশ দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কটির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে এবং সরকারি অর্থের অপচয় রোধে উপজেলা প্রশাসন ও এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
