'মহেশখালীর সব খবর'-এ ভিডিও প্রকাশের জের
গতকাল সোমবার বিকেলে কুতুবজোমের ৮নং ওয়ার্ডের ১নং খাস খতিয়ানভুক্ত সরকারি পুকুর লাগোয়া জমিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
জানা যায়, এই অবৈধ ভূমি দখল নিয়ে জনপ্রিয় গণমাধ্যম 'মহেশখালীর সব খবর'-এ একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি প্রশাসনের নজরে আসলে গত ২০ মার্চ সরকারি জমিতে অবৈধ ঘর নির্মাণের অভিযোগে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভূমি অফিস থেকে স্থানীয় আমিন শরীফের পুত্র মো. জমির উদ্দিনকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের সেই নির্দেশকে তোয়াক্কা না করে সম্প্রতি তিনি পুনরায় সেখানে পাকা দালান নির্মাণ শুরু করেন। খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি সম্পূর্ণ ভেঙে দেয়।
অভিযানকালে মহেশখালী উপজেলা ভূমি অফিসের কানুনগো, সার্ভেয়ার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরান মাহমুদ ডালিম জানান, অবৈধ কার্যক্রম এবং খাস জমি দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সর্বদা সোচ্চার রয়েছে। এই ধরণের কঠোর অবস্থান ও উচ্ছেদ অভিযান পুরো উপজেলা জুড়ে অব্যাহত থাকবে।
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের এমন তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সর্বসাধারণ।
