মহেশখালীতে আবারও খুন

এস.এম রুবেল।।
কক্সবাজারের মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আহত ছালেহ আহমদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১৭ মে (রবিবার) রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, এর আগে ১৫ মে বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া গ্রামের জনৈক আবদুল গফুরের নেতৃত্বে ৮-১০ জনের সন্ত্রাসী দল কলেজ ছাত্র আয়ুবের বাড়িতে হামলা চালায়। এ সময় আয়ুব ও তার পিতা ছালেহ আহমদকে উপর্যোপরি কুপিয়ে মারাত্মক জখম করে। আহতদের প্রথমে মহেশখালী ও পরে কক্সবাজার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে শররীক অবস্থার অবনতি হলে ছালেহ আহমদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছালেহ আহমদ(৫০) এর মৃত্যু হয়।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন -গাছের একটি আম পাড়া নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। রাত সাড়ে নয় টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেলে রয়েছে বলে পুলিশ জানায়।

এদিকে ছালেহ আহমদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়। প্রসঙ্গতঃ গত কয়েক দিনে মহেশখালীতে পর পর একাধিক খুনের ঘটনা ঘটেছে।