Advertisement


মহেশখালীতে জামাইয়ের ধান কেটে দিতে গিয়ে খুন হলেন শ্বশুর


রকিয়ত উল্লাহ।।
মহেশখালীতে মেয়ের জামাতার পাকা ধান কেটে দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাকালে মৃত্যুবরণ করলের শ্বশুর।  নিহত আলী বকসু স্থানীয় মো. মিয়া হোসেনের পুত্র এবং পেশায় তিনি একজন কৃষক।  

জানা গেছে, গত ১৮ নভেম্বর সকালে উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুরঙঘোনা এলাকায় মেয়ের জামাই মো. সিরাজুল ইসলামের রোপনকৃত ধান কেটে দিতে যান শ্বশুর আলী বকসু, শ্যালক আব্দুল্লাহসহ বেশ কয়েকজন।  

এদিকে ধান কাটার খবর পেয়ে জামাইয়ের প্রতিপক্ষ মো. নাজেমের নেতৃত্ব সেলিম উল্লাহ,  রিয়াজ উদ্দিন, আনছার, জাফর, মো. আলম, আব্দুল মজিদসহ ২০-৩০ জনের একদল লোক দা, কিরিচ ও বন্দুক নিয়ে ওই এলাকায় গিয়ে অতর্কিত হামলা করে। এতে আলী বকসুসহ ৭ জন মারাত্মক ভাবে আহত হন। আহত অবস্থায় অন্যান্যদের সাথে আলী বকসুকেও স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান, অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার তাকে কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয় ।সেখানেও অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। হাসপালে চিকিৎসা অবস্থায় ২৩ নভেম্বর (রবিবার) বেলা ২টায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহত আলী বকসুর পূত্র আব্দুল্লাহ জানান- সেদিন আমরা দুলাভাইয়ের ধান কেটে দিতে যাই। হঠাৎ করে ২০-৩০ জন সন্ত্রাসী এসে আমাদেরকে প্রথমে এসে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় । পরে বাবাকে ছুরিকাঘাত করে এবং আমাদেরকে মারধর করে। হামলাকারীরা টেঁটা দিয়ে আমার বাবার পেটে ঢুকিয়ে দেয়। এক পর্যায়ে তার পেটের নাড়িভুড়ি বেরিয়ে যায়। 

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান- শাপলাপুরে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে শুনেছি। এঘটনায় মহেশখালী থানার একটি অভিযোগ ছিলো এবং ঘটনার পরপরই পুলিশ পরিদর্শনে গিয়েছিলো এবং বিষয়টি তদন্ত চলছে ও জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান।