মহেশখালীতে একাধিক স্থাপনা উচ্ছেদ, উদ্ধার করা সরকারি জমিতে সরানো হয়েছে বাজার


জয়নাল আবেদীন ও গাজী মোহাম্মদ আবু তাহের।। মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে সরকারি খাস জমি দখলমুক্ত করতে এক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ইউনিয়নের কালাগাজীর পাড়া বাজারে পরিচালিত এই অভিযানে একাধিক অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মূলত সরকারি নির্ধারিত মাছ ও তরকারি বাজারের জায়গাটি দখলমুক্ত করে সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। 

অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা আধা-পাকা ও অস্থায়ী স্থাপনাগুলো একটি শক্তিশালী এক্সকাভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নোমান হোসেন, কেরুনতলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজবাহ উদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, কালাগাজীর পাড়া বাজারের সরকারি নির্ধারিত মাছ ও তরকারি বাজারের জায়গাটি দীর্ঘ দিন ধরে একটি প্রভাবশালী মহলের দখলে ছিল। সেখানে অবৈধভাবে দোকান নির্মাণ করায় বাজারের মূল কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এর ফলে সরকারি ইজারাকৃত এই বাজারের মৎস্য ব্যবসায়ীরা বাধ্য হয়ে প্রধান সড়কের ওপর থাকা সেতুর ওপর দোকান বসাতেন। ব্যস্ততম প্রধান সড়কের ওপর এভাবে মাছ বাজার বসার কারণে দীর্ঘ দিন ধরে সেখানে যানজট ও ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভ ও বারবার অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন সরজমিনে তদন্ত শেষে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার সবখবকে জানান, যে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে সেটি মূলত মাছ বাজারের জন্য বরাদ্দকৃত। অবৈধ স্থাপনার কারণে বাজারটি সড়কে চলে আসায় জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। উচ্ছেদকৃত জায়গায় এখন থেকে নিয়মিত মাছ বাজার বসবে এবং সড়ক থেকে ব্যবসায়ীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, উদ্ধারকৃত জমি যাতে পুনরায় কেউ দখল করতে না পারে সেজন্য প্রশাসনের নিবিড় তদারকি বজায় থাকবে। সরকারি সম্পত্তি রক্ষায় এবং জনস্বার্থে এ ধরণের অভিযান মহেশখালীর প্রতিটি এলাকায় নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এদিকে দীর্ঘ দিন পর কালাগাজীর পাড়া বাজারে প্রশাসনের এমন বাস্তবসম্মত পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা বলছেন, সড়ক থেকে মাছ বাজারটি উচ্ছেদ হওয়া জায়গাতে স্থানান্তরিত হওয়ায় এখন দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। উপজেলা প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, কেবল উচ্ছেদ নয়, বরং বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি করবে স্থানীয় ভূমি অফিস।