দুর্নীতিমুক্ত ও পর্যটনবান্ধব জেলা পরিষদ গড়ার প্রত্যয় এ টি এম নুরুল বশর চৌধুরীর


মাহবুব রোকন।। সারা দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর অংশ হিসেবে সমুদ্রবেষ্টিত পর্যটননগরী কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবীণ রাজনীতিক, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরী। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের কথা জানানো হয়। সরকারের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে কক্সবাজারের স্থানীয় রাজনীতি, উন্নয়ন পরিকল্পনা ও জেলা পরিষদের প্রশাসনিক গতিপ্রকৃতি নতুন এক যুগে প্রবেশ করল বলে মনে করছেন স্থানীয় রাজনৈতি সচেতনরা।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এ টি এম নুরুল বশর চৌধুরী কক্সবাজার জেলা পরিষদকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও পর্যটনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

সব খবরকে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, "আমার ওপর আস্থা রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দায়িত্ব অর্পণের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে দলের শীর্ষ নেতৃত্ব এবং কক্সবাজারের অবিসংবাদিত নেতা সালাউদ্দিন আহমদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমার ওপর যে আস্থা রেখেছেন, সুশৃঙ্খল ও সুন্দরভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আমি তার প্রতিদান দিতে চাই।"

জেলা পরিষদ নিয়ে নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে প্রবীণ এই জননেতা বলেন, "কক্সবাজার বাংলাদেশের সর্ব দক্ষিণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন শহর। বর্তমান সরকার ও আমাদের নেতৃত্বের দেশ গড়ার যে সুমহান ভিশন রয়েছে, তারই ধারাবাহিকতায় কক্সবাজারকে একটি সুন্দর নগরীতে পরিণত করতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমি জেলা পরিষদকে একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই, যার মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এ জন্য জেলার সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।"

দায়িত্ব গ্রহণের পর অগ্রাধিকারভিত্তিক কাজের বিষয়ে জানতে চাইলে নতুন এই প্রশাসক বলেন, "জেলার সার্বিক উন্নয়নই হবে আমার প্রধান অগ্রাধিকার। জেলা পরিষদের কর্মপরিধির মধ্যে থাকা উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনপ্রতিনিধি, জেলার সংসদ সদস্যবৃন্দ এবং বিশিষ্ট সমাজসেবকদের সঙ্গে সমন্বয় ও পরামর্শের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজারকে একটি মডেল পর্যটন শহর হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।"

জানা গেছে, দীর্ঘ ও অভিজ্ঞ রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী এ টি এম নুরুল বশর চৌধুরী কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন তিনি। তৃণমূল থেকে ধাপে ধাপে উঠে আসা এই নেতা টানা পাঁচ মেয়াদে আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দুইবার কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ইতোপূর্বে তিনি কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

এদিকে, এ টি এম নুরুল বশর চৌধুরী জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, "দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৃতী সন্তান ও দলের পরীক্ষিত সৈনিক এ টি এম নুরুল বশর চৌধুরী কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় তাঁকে পুষ্পিত অভিবাদন ও ফুলেল শুভেচ্ছা জানাই।" এছাড়া জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও নতুন প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে তাঁর সাফল্য কামনা করেছেন।