মহেশখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম চলছে


নিজস্ব প্রতিনিধি।। কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আজ শনিবার (৩০ মে) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম চলছে। একইসঙ্গে মেয়েদের জন্য বিনামূল্যে নাক-কান ছেদন কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।

সামাজিক ও মানবিক সংগঠন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে সার্বিক সহযোগিতা ও অর্থায়ন করছেন মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদীন।

আয়োজক সূত্রে জানা গেছে, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করছেন। এছাড়া নারী ও শিশুদের জন্য বিশেষ চিকিৎসা সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ এ কার্যক্রমের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করছেন। স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আয়োজকদের মতে, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।