জিডি সূত্রে জানা যায়, সানজিদা সুলতানা (২৯) নামে এক নারী কর্মী গত ১৭ জুন চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিতে তিনি অভিযোগ করেন, গত ১৪ জুন সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের পেনিনসুলা হোটেলের টপ ফ্লোরে কমিটি গঠন সংক্রান্ত আলোচনা রয়েছে বলে তাকে ফোন ও বার্তার মাধ্যমে ডাকা হয়।
সেখানে উপস্থিত হওয়ার পর অভিযুক্ত এস এম সুজা উদ্দীন ও সাদিয়া আফরিনসহ আরও কয়েকজন তাকে রাজনৈতিক বিভিন্ন পদ ও চাকরির প্রলোভন দেখান বলে অভিযোগ করা হয়। এতে সাড়া না দিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযোগে বলা হয়, ঘটনার প্রতিবাদ করায় তাকে প্রাণে মেরে ফেলার হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে ভবিষ্যতের জন্য বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করেন তিনি।
আরো জানা গেছে, এস এম সুজা উদ্দীন (আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন) হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাদিয়া আফরিন হলেন চট্টগ্রাম মহানগর বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির মহানগর সমন্বয়ক কমিটির সদস্য। যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একজন সক্রিয় নেত্রী হিসেবে গত নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে দলটির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা চালিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

