সংসদ বিষয়ক প্রতিবেদক◾কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের অভিপ্রায় অনুযায়ী তাঁর প্রিভিলেজভুক্ত কর্মচারী হিসেবে ব্যক্তিগত সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়েছেন তারেক রহমান জুয়েল। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন এন্ড প্রিভিলেজ শাখা থেকে প্রকাশিত একটি সরকারি অফিস আদেশের (নম্বর-১১.০০.০০০০.০০০.৮০৭.১১.০০০২.২৬ (অংশ)-৩৪৩) মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সংসদ সচিবালয়ের সহকারী সচিব মারুফা সুলতানা স্বাক্ষরিত এই অফিস আদেশটি গত ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ মোতাবেক ২৭ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে জারি করা হয়। আদেশ অনুযায়ী, জাতীয় বেতনস্কেল ২০১৫-এর ১৪তম গ্রেডে (১০,২০০-২৪,৬৮০/- টাকা স্কেলে) গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হতে ভূতাপেক্ষ কার্যকারিতায় নির্দেশক্রমে এই নিয়োগ প্রদান করা হয়েছে। সরকারি নিয়ম মোতাবেক সংশ্লিষ্ট সংসদ সদস্যের মেয়াদকালীন অথবা তাঁর সন্তুষ্টি অনুযায়ী উক্ত কর্মচারী স্বীয় পদে বহাল থাকবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত তারেক রহমান জুয়েল কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি মহেশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালান করছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিক হামলা-মামলা ও জুলুম নির্যাতনের স্বীকার হন এবং রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে একাধিকবার কারাভোগ করেন।
সরকারি নথির অনুলিপি সূত্রে জানা যায়, তিনি বড় মহেশখালী (ডাকঘর কোড-৪৭১০) ইউনিয়নের মিয়াজির পাড়া গ্রামের বাসিন্দা সুলতান আহমদ ও হাছিনা আকতার দম্পতির পুত্র।
সংসদ সচিবালয় থেকে জারিকৃত এই আদেশের অনুলিপি ইতোমধ্যে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, সিনিয়র কম্পিউটার প্রোগ্রামারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে। একই সাথে নবনিয়োগপ্রাপ্ত কর্মচারীকে তাঁর যোগদানপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
মহেশখালীর স্থানীয় একজন কৃতি যুবকের জাতীয় সংসদ সচিবালয়ের আওতায় এমন গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্তিকে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও সংসদ সদস্যের দাপ্তরিক যোগাযোগ আরও গতিশীল করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ নিয়োগের পর এক প্রতিক্রিয়ায় তারেক রহমান জুয়েল মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করেন এবং সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি তার দায়িত্বে পালনে সকলের দোয়া কামনা করেন।
