নিজস্ব প্রতিবেদক◾কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধ সিন্ডিকেটের অন্যতম হোতা জাহেদ প্রায়সময় সেনাবাহিনীর (আর্মির) পোশাক পরে দাপিয়ে বেড়ায় এবং এমন ছবি ফেসবুকে প্রকাশ করে নিজের গাম্ভীর্যের প্রকাশ করতে চায় বলে এলাকাবাসী জানিয়েছেন। মূলত প্রশাসনের চোখ ফাঁকি দিতে এবং সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি করতে সে প্রতিনিয়ত আর্মির পোশাক পরে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করে বলে সূত্র জানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটিভাঙা এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা নয়নের মাদকের আস্তানা এবং অপরাধ নেটওয়ার্কের অন্যতম প্রধান সেনাপতি এই জাহেদ। সে তার ১৫-২০ জনের অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীকে নিয়ে এলাকায় জমি দখল, প্যারাবন নিধন, সড়কে ছিনতাই এবং সমুদ্রে দস্যুতা চালিয়ে আসছে। সম্প্রতি দুবাই প্রবাসীদের কাছ থেকে নগদ টাকা ও আইফোন ছিনতাইয়ের ঘটনায় এই জাহেদ বাহিনীর সম্পৃক্ততা রয়েছে এবং আটক এক ছিনতাইকারীকে সে জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে গেছে বলে ভুক্তভোগীরা জানান।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, "সন্ত্রাসী জাহেদ সেনাবাহিনীর পোশাক গায়ে দিয়ে এলাকায় ঘুরে বেড়ায়, যাতে সাধারণ মানুষ তাকে সেনা সদস্য ভেবে ভয় পায় এবং কেউ তার কোনো অপরাধের প্রতিবাদ করার সাহস না পায়। একজন চিহ্নিত অপরাধীর গায়ে দেশের গৌরবময় সেনাবাহিনীর পোশাক দেখে পুরো এলাকায় বিভ্রান্তি ও চরম আতঙ্ক বিরাজ করছে।"
সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে জাহেদের এই নতুন কৌশলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। ঘটিভাঙার সাধারণ জনগণ অবিলম্বে সেনাবাহিনীর পোশাকের অপব্যবহারকারী এই দুর্ধর্ষ সন্ত্রাসী জাহেদ এবং তার বাহিনীকে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
