মাতারবাড়িতে কৃষকদল নেতা কর্তৃক অপরের দোকান ও বাড়িতে তালা দেয়ার অভিযোগ

বার্তা পরিবেশক◾মহেশখালী উপজেলার মাতারবাড়ি নতুন বাজারে নুর মোহাম্মদের মালিকানাধীন চারটি দোকান ও একটি ভাড়া বাসায় তালা ঝুলিয়ে দখল নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা কৃষকদলের সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে শনিবার সকাল ১১টার দিকে মাতারবাড়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন মার্কেটে এ ঘটনা ঘটে।

সূত্রের অভিযোগ থেকে জানা যায়, নয়াপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ প্রায় ২৮ বছর আগে জমি কিনে মার্কেটটি নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি তার ভাই দোস্ত মোহাম্মদ জমির কিছু অংশের মালিকানা দাবি করায় দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। অভিযোগ রয়েছে, এই বিরোধের জেরে দোস্ত মোহাম্মদের পক্ষে অবস্থান নিয়ে উপজেলা কৃষকদল সভাপতি জসিম উদ্দিন, শাহজাহান ও নেজামসহ ১০-১২ জন লোক এসে চলমান দোকান ও বাসায় জোরপূর্বক তালা ঝুলিয়ে দেন।

দোকানের ভাড়াটিয়ারা জানান, হঠাৎ করে তাদের দোকান থেকে বের করে তালা লাগিয়ে দেওয়ায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ভুক্তভোগী নুর মোহাম্মদের ছেলে মো. সিজাদ অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা কৃষকদলের সভাপতি জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

মহেশখালী থানার অফিসার ইন-চার্জ মো. আব্দুস সোলতান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।