নয়নের মাদকের আস্তানায় পুলিশের হানা: সরঞ্জাম ধ্বংস, এবার 'বামহাতি জাহাঙ্গীরের' ডেরায় সাঁড়াশি অভিযান


নিজস্ব প্রতিবেদক◾
শীর্ষ সন্ত্রাসী জাহেদ গ্রেফতারের পর মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙায় অপরাধ সিন্ডিকেট নির্মূলে আরও শক্ত অবস্থান নিয়েছে পুলিশ। এবার ঘটিভাঙার প্রবেশদ্বারে সরকারি জমি দখল করে গড়ে ওঠা কুখ্যাত মাদক কারবারি নয়নের সেই মূল আস্তানায় অভিযান চালিয়েছে মহেশখালী থানা পুলিশ। অভিযানকালে ওই আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদক ও মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করে তা ঘটনাস্থলেই সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আস্তানা ছেড়ে পালিয়েছে সংশ্লিষ্ট সবাই।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, নয়নের মাদক সাম্রাজ্য তছনছ করার পর পুলিশ এখন এই সিন্ডিকেটের অন্যতম প্রধান চালিকাশক্তি ও দ্বীপের আলোচিত মৌলভী জিয়াউর রহমান হত্যা মামলার শীর্ষ আসামি 'বামহাতি জাহাঙ্গীর'-এর আস্তানায় হানা দিয়েছে। সেখানে বর্তমানে পুলিশের একটি টিম চারদিক থেকে ঘেরাও করে সাঁড়াশি ও চিরুনি অভিযান চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে ওসির নেতৃত্বে সন্ত্রাসী জাহেদ গ্রেফতার হওয়ার পরপরই ঘটিভাঙার অপরাধের প্রধান সূতিকাগার নয়নের বাড়িতে অভিযান শুরু হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট নয়ন ও তার সহযোগীরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে ভেতরের মাদক বিক্রির স্পট ও সরঞ্জামগুলো ঘটনাস্থলেই ধ্বংস করে দেয় পুলিশ।

নয়নের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার পরপরই পুলিশের পুরো টিমটি রওনা হয় তাজিয়াকাটা এলাকার চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী 'বামহাতি জাহাঙ্গীর'-এর গোপন আস্তানার দিকে।

সম্প্রতি দুবাই প্রবাসীদের জিম্মি করে নগদ ১ লাখ টাকা ও আইফোন ছিনতাইয়ের ঘটনায় দেশীয় অস্ত্র হাতে জাহাঙ্গীরের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত, জাহাঙ্গীরের সম্ভাব্য সবকটি আস্তানায় অভিযান চালাচ্ছে পুলিশ।