সড়ক উন্নয়ন পরিদর্শন, পানির প্রকল্প ও ভিজিএফ বিতরণে কড়াকড়ি নির্দেশনা
নির্বাচনী প্রচারণাকালে মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়কের দুরাবস্থা সরেজমিনে দেখেছিলেন তিনি। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় রবিবার (১ মার্চ ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন সংসদ সদস্য।
এ সময় তিনি হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকা থেকে শুরু করে কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজার পর্যন্ত এলজিইডি আইডিভুক্ত সড়কের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি নতুন সড়ক আইডিভুক্তকরণ, কার্পেটিং ও আরসিসি রাস্তা নির্মাণের বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনকালে উপজেলা এলজিইডি প্রকৌশলী বনি আমিন জনি, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউসার আলম, সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য আলমগীর ফরিদ বলেন, নির্বাচনের সময় জনগণের যে প্রত্যাশা ও দাবি-দাওয়া সামনে এসেছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রতিটি ইউনিয়নের চাহিদা অনুযায়ী সড়কসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে এবং কাজের অগ্রগতি নিয়মিত তদারকি করা হবে।
এদিকে মহেশখালীতে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে সরকারি উদ্যোগে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়ার কথাও জানিয়েছেন সংসদ সদস্য। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে এই প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। এর আওতায় বড় আকারের সুপেয় পানির প্লান্ট স্থাপন করা হবে, যেখানে একটি প্লান্ট থেকে প্রায় ৩০০ থেকে ৬০০ পরিবার নিরাপদ পানি পাবে।
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের জন্য ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম নিয়েও তিনি কঠোর নির্দেশনা দিয়েছেন। ট্যাগ অফিসার ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের সঙ্গে নির্দেশনামূলক সভায় তিনি বলেন, ভিজিএফ চাল বিতরণে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। ১০ কেজি চালের পরিবর্তে ৮ বা ৯ কেজি দেওয়া যাবে না। তিনি নিজেও বিভিন্ন এলাকায় খোঁজখবর নেবেন বলে জানান।
অন্যদিকে বুধবার (৪ মার্চ ২০২৬) মহেশখালী পৌরসভার পালপাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত মহানামযজ্ঞ পরিদর্শন করেন সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি। এ সময় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।
