প্রেস বিজ্ঞপ্তি◾কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভায় দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়ার জানমাল রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত জোরালো বক্তব্য রেখেছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। তাঁর সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবির পরিপ্রেক্ষিতে কুতুবদিয়া-মহেশখালীতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ এবং মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও মানবপাচার রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গতকাল ১৫ জুন (সোমবার) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যকালে এমপি আলমগীর ফরিদ বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই বেড়িবাঁধের কোনো বিকল্প নেই। বর্ষা মৌসুমের তীব্রতা বাড়ার আগেই কুতুবদিয়া ও মহেশখালীর ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে বেড়িবাঁধ সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে।
তিনি বলেন, সীমান্ত ও উপকূলীয় অঞ্চল ব্যবহার করে যারা মাদক ব্যবসা, অস্ত্র চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানবপাচারের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলার স্বার্থে প্রশাসনকে আরও কঠোর ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে।
সংসদ সদস্যের এই প্রস্তাবনাগুলো সভায় উপস্থিত সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল মান্নান অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই জরুরি ভিত্তিতে এগুলো বাস্তবায়নে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল , জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহিদুল আলম, স্থানীয় সরকার কক্সবাজার বিভাগের উপপরিচালক মো: শামীম আল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার, অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান এবং কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
