আজ মঙ্গলবার (১৬ জুন) পরিচালিত এ অভিযানে উচ্ছেদকারীদের একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এ হামলা চালায়।
মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সরকারি বনভূমি দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে শাপলাপুরের জেএমঘাট এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ সময় অবৈধ দখলদার চক্রটি উচ্ছেদ ঠেকাতে সাধারণ মানুষকে উসকানি দিতে স্থানীয়ভাবে মাইকে ঘোষণা দেয়। মাইকিং শুনে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে বন বিভাগের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, "হামলায় আমাদের কয়েকজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি কাজে বাধা ও বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।"
এই বর্বরোচিত হামলার ঘটনার পর পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আহত বনকর্মীদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি হামলায় নেতৃত্ব দেওয়া অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে কাজ করছে।
