মাতারবাড়ীতে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে কেপিআই নীতিমালাকে: কর্মকর্তা-দালাল সিন্ডিকেটে বিলীন কোটি কোটি টাকার সরকারি সম্পদ


বিশেষ প্রতিবেদক◾
দেশের অন্যতম শীর্ষ জাতীয় কেপিআই (Key Point Installation) অবকাঠামো কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু চরম নিরাপত্তার চাদরে ঢাকা থাকার কথা থাকলেও সেখানে প্রকাশ্যেই ভেঙে পড়েছে ‘কেপিআই নিরাপত্তা নীতিমালা’। সরকারি নিয়মকানুন সম্পূর্ণ তোয়াক্কা না করে ঢাকাভিত্তিক শীর্ষ কর্মকর্তা, প্রকল্প নিরাপত্তা বিভাগ ও স্থানীয় এক দালাল চক্রের যোগসাজশে সেখান থেকে কোনো প্রকাশ্য টেন্ডার, নিলাম বা বৈধ কাগজপত্র ছাড়াই প্রায় ৫০ কোটি টাকার মালামাল পাচারের গুরুতর অভিযোগ উঠেছে।

◾কেপিআই নীতিমালা কী বলে?

সরকারি কেপিআই নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী, প্রথম শ্রেণির কেপিআই ভেন্যুতে যেকোনো ব্যক্তির প্রবেশাধিকার যেমন সংরক্ষিত, তেমনি প্রতিটি ছোট-বড় মালামাল ভেতরে ঢোকানো কিংবা বাইরে নেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম অনুসরণ করা বাধ্যতামূলক। কেপিআই এলাকা থেকে কোনো সরকারি বা ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবহৃত বা উদ্বৃত্ত সরঞ্জাম বিক্রি/অপসারণ করতে হলে-

১. সরকারি গেজেট ও জাতীয় পত্রিকায় উন্মুক্ত টেন্ডার (Auction Tender) আহ্বান করতে হবে।

২. আইনসম্মত সর্বোচ্চ দরদাতাকে নিলামে চূড়ান্ত ঘোষণা করতে হবে।

৩. প্রতিটি মালামাল বের হওয়ার আগে নির্দিষ্ট চালানপত্র (Challan), পাসকারী কর্মকর্তার স্বাক্ষর সংবলিত অনুমোদিত গেটপাস (Gate Pass) এবং নিরাপত্তা কর্মকর্তাদের দ্বারা কায়িক পরীক্ষা (Physical Verification) বাধ্যতামূলক।

৪. অনুমোদন ছাড়া কোনো বহিরাগত মালবাহী যানবাহন কোনো অবস্থাতেই কেপিআই এলাকার অভ্যন্তরে প্রবেশের সুযোগ নেই।

◾বাস্তবতা: সিকিউরিটি ও কর্মকর্তাদের 'ম্যানেজ' করে লুটপাট

অনুসন্ধানে জানা গেছে, মাতারবাড়ীতে রাষ্ট্রীয় কেপিআই নীতিমালার প্রতিটি ধারা লঙ্ঘন করা হচ্ছে। উন্মুক্ত নিলাম বা কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই কেবল সিকিউরিটি টিম ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে অবৈধভাবে কোটি কোটি টাকার মালামাল বাইরে পাচার করে চলেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট।

প্রাপ্ত নথি অনুযায়ী, পাচার হওয়া ও পাচারের তালিকায় থাকা মোট মালামালের পরিমাণ প্রায় ৪৬,২১৩ টন। এর মধ্যে রয়েছে বিলাসবহুল গাড়ি, উচ্চ ক্ষমতার জেনারেটর, এয়ার কন্ডিশনার, মূল্যবান তামার তার, বৈদ্যুতিক যন্ত্রপাতি, মেটাল স্ক্যাপ, স্টিল ড্রাম, পিভিসি পাইপ, কাঠ, কন্টেইনার টাইপ অ্যাকোমোডেশন, স্টিল ফার্নিচার, দরজা-জানালা ও ফায়ার এক্সটিংগুইশার সহ অন্তত ১০০ প্রকারের সরকারি ও প্রকল্প সরঞ্জাম। যার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকারও বেশি।

◾সিন্ডিকেটের নেপথ্যে যারা:

অভিযোগ রয়েছে, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের কয়েকজন অসাধু ঊর্ধ্বতন কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা এবং ঢাকায় অবস্থিত কার্যালয়ের একটি দুর্নীতিবাজ চক্রের সরাসরি মদদে এটি পরিচালিত হচ্ছে। আর মহেশখালী প্রান্তে মাঠপর্যায়ে বহিরাগত ট্রাক ঢোকানো, মালামাল লোড করা, পরিবহন ও পাহারা দেওয়ার দালাল হিসেবে কাজ করছে মহেশখালীর স্থানীয় চার প্রভাবশালী- মামুন, আবছার, কপিল ও মোস্তফার নেতৃত্বাধীন একটি ক্যাডার সিন্ডিকেট।

◾ধারাবাহিক পাচার ও জনতার প্রতিরোধ:

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, কেপিআই এলাকার নিয়ম ভেঙে গত ৪ নভেম্বর (বুধবার) ৩টি এবং ৫ নভেম্বর (বৃহস্পতিবার) আরও ৪টি বহিরাগত বড় ট্রাক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করিয়ে লাখ লাখ টাকার মালামাল লোড করে নির্বিঘ্নে বের করে নিয়ে যায় সিন্ডিকেটটি।

এরপর গত ৮ নভেম্বর (রবিবার) একযোগে আরও ১৫টি ট্রাক ঢুকিয়ে মালামাল পাচারের উদ্যোগ নেওয়া হয়। প্রথম ধাপে ৩টি ট্রাক ভেতরে প্রবেশ করে মালামাল লোড করা শুরু করলে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। সরকারি সম্পদ হরিলুট এবং কেপিআই বিধি লঙ্ঘনের খবর ছড়িয়ে পড়তেই রবিবার সন্ধ্যায় শত শত ক্ষুব্ধ জনতা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শুরু করেন। বর্তমানে ৩টি অবৈধ গাড়ি কেপিআই এলাকার ভেতর রয়েছে।

◾কর্মকর্তাদের পেছনের গেট দিয়ে প্রস্থান:

বিক্ষোভের তীব্রতার মুখে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কেপিআই নীতিমালার স্বচ্ছতা প্রমাণের বদলে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি হয়নি। স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রকল্প কর্তৃপক্ষের সাথে কথা বলতে ও স্মারকলিপি দিতে চাইলে তাদের গেটের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে আন্দোলনকারীদের তোপের মুখে বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মূল ফটক ব্যবহার না করে পেছনের ২ নম্বর গেট দিয়ে তড়িঘড়ি করে সটকে পড়েন।

পূর্বে মাতারবাড়ী প্রকল্প এলাকা থেকে দফায় দফায় তামা ও অবকাঠামোগত মালামাল চুরির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী একাধিক অপরাধীকে গ্রেপ্তার করেছিল। কিন্তু এবার সরাসরি বিদ্যুৎ কেন্দ্রের শীর্ষ পর্যায় ও নিরাপত্তা টিমের যোগসাজশে গাড়ি ঢুকিয়ে রাষ্ট্রীয় সম্পদ হরিলুটের এ চেষ্টায় নিরাপত্তা নিয়ে মারাত্মক প্রশ্ন উঠেছে।

সচেতন মহলের দাবি, একটি জাতীয় কেপিআই প্রকল্পে কেপিআই বিধিমালা লঙ্ঘনের ঘটনায় অবিলম্বে কোস্ট গার্ড, নৌবাহিনী ও উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে এই কোটি কোটি টাকার পাচার সিন্ডিকেটের মূল হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে বক্তব্য নিতে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।