মধুয়ারডেইলে মর্মান্তিক দুর্ঘটনা; ডেইল পাড়ার শাকের উল্লাহর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
শাহরিয়ার কবির।। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে বেপরোয়া গতির বলি হয়ে প্রাণ হারিয়েছেন শাকের উল্লাহ (২৪) নামে এক সম্ভাবনাময় তরুণ। রবিবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার প্রধান সড়কের বড় মহেশখালী ইউনিয়নের মধুয়ারডেইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার (মিশুক) মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত শাকের উল্লাহকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকের উল্লাহ উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ডেইল পাড়া এলাকার আবুল কালামের পুত্র। পেশাগত জীবনে তিনি একটি বেসরকারি খাদ্য বিপণনকারী প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাতে শাকের উল্লাহ ব্যক্তিগত মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদর থেকে বড় মহেশখালীর নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মধুয়ারডেইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী মিশুকের সাথে তাঁর সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং শাকের উল্লাহ রাস্তায় ছিটকে পড়ে শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পান।
দুর্ঘটনার পর পরই পথচারী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসকদের মতে, মাথায় গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে সম্ভাবনাময় এই তরুণের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতাল প্রাঙ্গণে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় জমে এবং এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহতের মরদেহ বর্তমানে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাঁর এই অকাল মৃত্যুতে ছোট মহেশখালীর ডেইল পাড়াসহ সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে নিহতের স্বজন ও হাসপাতালের পক্ষ থেকে মহেশখালী থানা পুলিশকে অবহিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছেন।
মহেশখালীর প্রধান ও অভ্যন্তরীণ সড়কগুলোতে ট্রাফিক আইনের তোয়াক্কা না করে অনিয়ন্ত্রিত যান চলাচল এবং চালকদের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয় সচেতন নাগরিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
