অতিষ্ঠ ছিল এলাকাবাসী, রয়েছে একাধিক মামলা
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে শাপলাপুরের পশ্চিম পাড়ার একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে হানা দেয় একরাম। এ সময় বাড়ির মালিক ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে যান। পরে তারা চারপাশ থেকে ঘেরাও করে তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে খবর দেন।
এলাকাবাসীর অভিযোগ, আটক একরাম দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, পকেটমারি, ছিনতাই ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার নিজস্ব একটি সংঘবদ্ধ অপরাধী সিন্ডিকেট রয়েছে, যার মাধ্যমে সে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত। তার এসব অপকর্মে স্থানীয় সাধারণ মানুষ চরম অতিষ্ঠ হয়ে পড়েছিল।
পশ্চিম পাড়ার এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "একরামের কারণে এলাকায় রাতের বেলা শান্তিতে ঘুমানো যেত না। আজ তাকে হাতেনাতে ধরতে পেরে এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে সে আর জামিনে বেরিয়ে এসে চুরি করতে না পারে।"
জানা গেছে, আটক একরামের বিরুদ্ধে মহেশখালী থানায় চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আগেও একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার হয়ে জেলে গেলেও জামিনে বেরিয়ে সে বারবার একই অপরাধে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে মহেশখালী থানা সূত্র জানান, চুরির ঘটনায় স্থানীয়রা একরাম নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে থাকা আগের মামলাগুলোর রেকর্ড যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
