মহেশখালীতে মাইকিং করে বন বিভাগের অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৭

নিজস্ব প্রতিবেদক, শাপলাপুর থেকে ফিরে◾মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় সরকারি বনভূমি দখলমুক্ত করার অভিযানে মাইকিং করে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এতে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবিরসহ বন বিভাগের ৭ জন কর্মী আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত বনকর্মীরা হলেন- তুষার শাহা, আকতার হোসেন, আরিফুল ইসলাম, নবায়ন চাকমা, নজরুল হুদা ও মাহবুবুল আলম। তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেএমঘাট এলাকায় সরকারি বনভূমি অবৈধভাবে দখল করে একটি ভবন নির্মাণ করা হচ্ছিল। খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃত্বে বন বিভাগের একটি দল উচ্ছেদ অভিযান শুরু করে। এ সময় উচ্ছেদ ঠেকাতে অবৈধ দখলদার আবু সালেহ ও আবুল কাসেমের নেতৃত্বে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। পরে একদল লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বন বিভাগের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি দায়িত্ব পালনকালে সংঘবদ্ধ চক্রটি পরিকল্পিতভাবে মাইকিং করে তাদের ওপর হামলা চালিয়েছে। এই হামলায় ৭ জন বনকর্মী আহত হয়েছেন। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহেশখালী থানার ওসি আব্দুস সুলতান জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনও বন বিভাগের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়নি। 

রকিয়ত উল্লাহ//