মহেশখালীর কর্মস্থলে যোগদান করেছেন নতুন ইউএনও মোহাম্মদ ইয়াছিন

কন্ট্রিবিউটর।। মহেশখালীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন যোগদান করেছেন। তিনি গত ১৪ মার্চ কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করে ১৫ মার্চ মহেশখালীতে কার্যকাল শুরু করেছেন। তিনি ইতোপূর্বে চট্টগ্রামের খাগড়াছড়ির [ Khagrachari ] লক্ষ্মীছড়ি [ Lakshmichari ]উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  কার্যালয়ের সংস্থাপন শাখা হতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (স্মারক নং -৬৯৮) তাকে গত ২০২১ সালের ২৩ ডিসেম্বর মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়। দীর্ঘদিন পর তিনি গত  ১৪ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের কাছে যোগদান করে  ১৫ মার্চ থেকে মহেশখালীতে কার্যকাল শুরু করেন।  

নবাগত ইউএনও মোহাম্মদ ইয়াছিন বিকালে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে মহেশখালী কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহমদ কবির এর নেতৃত্বে কলেজের শিক্ষকরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও মহেশখালী কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিনকে ফুলেল শুভেচ্ছা জানান। মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহও নবাগত ইউএনওকে স্বাগত জানান। 

এসময় নবাগত ইউএনও মোহাম্মদ ইয়াছিন সকলের প্রচেষ্টায় মহেশখালীতে সরকারি বেসরকারি প্রকল্পের কাজ সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করার প্রতি গুরুত্বারোপ করেন। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় মহেশখালীতে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি সকলের কাছে আন্তরিক সহযোগিতা চেয়েছেন। 

উল্লেখ্য, মহেশখালীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কৃতিসন্তান।