নারীর ক্ষমতায়ন ও দক্ষ জনবল গঠনে শিক্ষার বিকল্প নেই: এমপি আলমগীর ফরিদ

প্রেস বিজ্ঞপ্তি◾মহেশখালী সরকারি মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ জুন (রবিবার) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য আলমগীর ফরিদ বলেন, মহেশখালী আজ আর কোনো অবহেলিত দ্বীপ নয়, এটি এখন দেশের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি। এই অঞ্চলে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল ও এসপিএম প্রকল্পসহ ১০-১২টি মেগা উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এই বিশাল কর্মযজ্ঞের অংশ হিসেবে গভীর সমুদ্রবন্দর থেকে চট্টগ্রামের দিকে চার লেনের নতুন সড়ক নির্মিত হবে। ৪ হাজার ২০০ কোটি টাকার নতুন বিভিন্ন প্রকল্পের পাশাপাশি আমাদের প্রান্তিক চাষিদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী লবণের ন্যায্য মূল্য নির্ধারণ এবং কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেনে উন্নীতকরণের ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন।

এমপি আলমগীর ফরিদ শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে আরও বলেন, মহেশখালীর এই অর্থনৈতিক ও শিল্প বিপ্লবের সুফল ভোগ করতে হলে আমাদের দক্ষ জনবলের প্রয়োজন হবে। আর এই বিশাল কর্মসংস্থানের সুযোগ লুফে নিতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে ছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মেধার স্বাক্ষর রাখতে হবে এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জনে মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ এবং কলেজের শিক্ষকমণ্ডলী বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। পরে পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য ও দেশের কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।